ছবি: সংগৃহীত
-->আইপিএল থেকে এখনই বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন না মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের হয়ে ২০২৭ সালের আইপিএলে খেলতে চান ভারতের সাবেক এই অধিনায়ক। তবে মাঠে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে তার ফিটনেসের ওপর। আগামী ডিসেম্বরের আগেই জানা যাবে, আরও এক মৌসুম আইপিএলে দেখা যাবে কি না ৪৫ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটারকে।
বেঙ্গালুরুতে একটি স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ধোনি। সেখানে তিনি জানান, আরও এক মৌসুম খেলার সামর্থ্য আছে কি না, তা জানতে চিকিৎসকের পরীক্ষা ও প্রতিবেদনের অপেক্ষায় আছেন।
ধোনি বলেন, ‘ডিসেম্বরের আগেই জানতে পারবেন। চিকিৎসক, আমাকে পরীক্ষা দিতে হবে। আপনাকে প্রতিবেদন দিতে হবে। এরপর ডিসেম্বরের আগে আমাকে দেখতে হবে, আরও একটি মৌসুম খেলার মতো শারীরিক শক্তি আমার আছে কি না।’
আগামী বছর ৪৬ বছরে পা দেবেন ধোনি। বারবার চোটে পড়ার কারণে ২০২৬ সালের পুরো আইপিএল মৌসুমেই মাঠের বাইরে ছিলেন তিনি। এবারও তার খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও চেন্নাইয়ের হয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এই কিংবদন্তি।
ফিটনেসের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে কী হবে, সেটিও মজার ছলে বুঝিয়ে দিয়েছেন ধোনি। তিনি বলেন, ‘আর যদি আমি যথেষ্ট ফিট না হই, তাহলে আপনাদের (চিকিৎসকদের) নিশ্চিত করতে হবে, আমার সঙ্গে সবকিছু ঠিকঠাক করা হচ্ছে। এই পুরোনো গাড়িটা যেন রাস্তায় ভালোভাবে চলতে পারে, সেটি নিশ্চিত করতে হবে। তাই সব চাপ এখন তাদের ওপর।’
ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের উত্তরে ধোনির এমন রসিকতা অবশ্য নতুন নয়। এর আগে চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্টও জানিয়েছে, ধোনির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পুরোপুরি তার নিজের।
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ২০২৪ সালে ধোনির কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্ব ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে তুলে দেয়। এরপর থেকে দলটি আর প্লে-অফে উঠতে পারেনি। গত তিন মৌসুমে পয়েন্ট তালিকায় চেন্নাইয়ের অবস্থান ছিল যথাক্রমে পঞ্চম, দশম ও অষ্টম।
আগামী মৌসুম সামনে রেখে দলটিতে বড় ধরনের পরিবর্তনও আসছে। দীর্ঘদিনের কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তার জায়গায় জহির খানকে দায়িত্ব দিয়েছে চেন্নাই। এমন পরিস্থিতিতে আগামী মৌসুমে ধোনির ভূমিকা কী হবে, তা নিয়েও রয়েছে কৌতূহল।
অনিক/
