জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। অভিযানে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণব পাড়া এলাকায় ডিবি-১ এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান উদয় (২৭), বৈষ্ণব পাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭) ও মো. সিফাত (২০), গাজীপুরের মো. রুবেল মিয়া (২৭) এবং নিলক্ষিয়া মির্ধাপাড়া গ্রামের মো. ফুরকান হোসেন (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১-এর একটি দল বৈষ্ণব পাড়ায় সুজাত মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ২১৭ বোতল ভারতীয় মদ এবং একটি ১৫০ সিসির মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম জানান, অভিযুক্ত আমান উল্লাহ আমান উদয় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, সীমান্ত এলাকা দিয়ে মাদকের অনুপ্রবেশ ঠেকানো এবং চক্রের সবাইকে আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
জেএইচআর
