রাজধানীর যাত্রাবাড়ীতে শারদীয় দুর্গাপূজার একটি মণ্ডপের পাশে ইলেকট্রিক শক মেশিনসহ রাব্বি নামে এক যুবককে আটক করেছে আনসার-ভিডিপি ও পুলিশ। গত রবিবার যাত্রাবাড়ীর কাজলারপাড় সার্বজনীন মাতৃ পূজামণ্ডপের পাশ থেকে তাকে আটক করা হয়। গতকাল সোমবার আনসারের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূজামণ্ডপের পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আনসার-ভিডিপির সহকারী সেকশন কমান্ডার মো. শাহাদাত হোসেন, ভিডিপি সদস্য ও পুলিশ যৌথভাবে রাব্বিকে আটক করে।
পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে কালো রঙের একটি ইলেকট্রিক শক মেশিন উদ্ধার করা হয়। দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে আনসার-ভিডিপি।
এদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত রবিবার রাত ১০টার দিকে রাজধানীর পল্লবী থানার বাউনিয়াবাদ রবিদাস পাড়া এলাকার সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দিরের পূজামণ্ডপে প্রতিমা ভাঙার চেষ্টার সময় মো. হাসান ইসলাম তুষার নামে এক যুবককে আটক করেছে আনসার সদস্যরা। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে হাতুড়ি, বাটাল, ছেনিজাতীয় সরঞ্জাম ও একটি বড় দা উদ্ধার করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পূজামণ্ডপে দর্শনার্থী বেশে প্রবেশ করা ওই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বে থাকা সহকারী সেকশন কমান্ডার এপিসি মো. আবুল খায়ের তাকে নজরদারিতে রাখেন। একপর্যায়ে ওই যুবক মন্দিরের বাঁশের বেষ্টনী অতিক্রম করে প্রতিমার কাছে যাওয়ার চেষ্টা করলে তুষারকে আটক করা হয়। পরে ওই যুবকের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে হাতুড়ি, বাটাল, ছেনিজাতীয় সরঞ্জাম ও একটি বড় দা পাওয়া যায়। পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে সারাদেশে সতর্কতার সঙ্গে বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
