বিদেশে বাংলাদেশের তিন মিশনে দায়িত্ব পালন করা নারী কূটনীতিককে সচিব পদমর্যাদায় পদোন্নতি দিয়েছে সরকার। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের এই তিন কর্মকর্তাকে গ্রেড-১ সচিব বা ফরেন সার্ভিস একাডেমির রেক্টর পদে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তা হলেন ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে বাংলাদেশের হাইকমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।
তাদের মধ্যে নওরীন আহসান ও সামিনা নাজ বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। নাহিদা রহমান সুমনা ১৭তম ব্যাচের কর্মকর্তা।
নিউজিল্যান্ডের ওয়েলিংটনে দায়িত্ব পালনের আগে সামিনা নাজ ভিয়েতনাম ও মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওয়েলিংটনে তিনি বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনার। এ ছাড়া ভারতের মুম্বাইয়ে ডেপুটি হাইকমিশনার, নেদারল্যান্ডসের হেগ, ভারতের দিল্লি এবং নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনেও বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি।
অন্যদিকে, গ্রিসের এথেন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে চার বছর ব্রুনাই দারুস সালামে হাইকমিশনার ছিলেন নাহিদা রহমান সুমনা। কূটনৈতিক জীবনে ব্রাসিলিয়া, অটোয়া, কলকাতা ও ক্যানবেরায় বাংলাদেশের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেছেন তিনি।
১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন নওরীন আহসান। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া, নেদারল্যান্ডসের হেগ ও কানাডার অটোয়ায় বাংলাদেশের মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
