বাংলাদেশের বিপক্ষে এক বদলি উইন্ডিজের, কে বাদ কে এলেন
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
এমাসের শেষে বাংলাদেশে দুম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। চারদিন আগে দল ঘোষণা করে একটি পরিবর্তন আনল ক্যারিবীয়রা। পেসার কিমো পল ব্যক্তিগত কারণে আসছেন না। বদলি হিসেবে ডাক পেয়েছেন বোলিং অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার।
২৮ বর্ষী স্প্রিঙ্গার ৩টি ওয়ানডে ও ১২টি টি-টুয়েন্টি খেললেও টেস্টে অভিষেক হয়নি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৩২.৫৯ গড়ে ১,০৪৩ রান এবং ২৭.৮৭ গড়ে ৫৮ উইকেট নিয়েছেন। ২০২৬ ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে ৪ ম্যাচে ৫০.২০ গড়ে ২৫১ রান করেছেন।
কিমো পলের বদলি হিসেবে ওজে শিল্ডস ও নাইল স্মিথের নাম বিবেচনায় ছিল, চোটে তারা দলের বাইরে। পল ছাড়াও বাংলাদেশ সফরে থাকছেন না ফর্মে থাকা সীমিত ওভারের অধিনায়ক শাই হোপ, তাকে বিশ্রাম দেয়া হয়েছে। ফাস্ট বোলার আলঝারি জোসেফকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে দল থেকে সরিয়ে নেয়া হয়েছে।
স্প্রিঙ্গার ও পল ভারতের বিপক্ষে শনিবার শেষ হওয়া সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে ছিলেন। সেখান থেকে উইন্ডিজের টেস্ট দল বাংলাদেশে আসবে। সফরে ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর মিরপুরে প্রথম টেস্ট এবং ৫ থেকে ৯ নভেম্বর সিলেটে দ্বিতীয় টেস্ট গড়াবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
