১১-দলীয় জোটের রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনা করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নেওয়ার পর বিরোধী দলের আসনে বসে জোটটি দায়িত্বহীন আচরণ করছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে নিজের নির্বাচনী এলাকার দুর্গাপূজামণ্ডপগুলোতে আর্থিক অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যেই জনগণের সরকার হিসেবে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। সরকারের বয়স মাত্র ছয় মাস। এ অবস্থায় বিরোধী দলের পক্ষ থেকে এক দফা দাবির কথা বলা হাস্যকর বলে মন্তব্য করেন তিনি।
দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিএনপির সম্পর্কের বিষয়ে মীর শাহে আলম বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের অত্যন্ত আপনজন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ করে না।
তিনি বলেন, গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারেক রহমান ও ধানের শীষের প্রতি ভালোবাসার প্রমাণ দিয়েছেন। একই সঙ্গে বিএনপিও প্রমাণ করেছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের আপনজন। সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে বিএনপি।
প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা যেন সারা দেশে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়, সে লক্ষ্যে সরকার ও বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাসহ সার্বিক সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অতীতে একটি রাজনৈতিক দল হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিজেদের রাজনৈতিক সম্পদ মনে করত। তবে গত নির্বাচনে ভোটের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রমাণ করেছেন, কোনো রাজনৈতিক দলের প্রতি তাদের দাসত্ব নেই। নিজেদের পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার তাদের রয়েছে।
হিন্দু সম্প্রদায়ের মানুষের আত্মার আত্মীয় হিসেবে তাদের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তাঁর নিজস্ব তহবিল থেকে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার মোট ৬৫টি দুর্গাপূজামণ্ডপে নগদ অর্থ বিতরণ করেন।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
