দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলার সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম সাত দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) থেকে দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিন এবং পরে লক্ষ্মীপূজা উপলক্ষে আরও দুই দিন বন্ধ থাকবে বাণিজ্য কার্যক্রম।
সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এরপর ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত তিন দিন বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক থাকবে। লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ ও ২৬ অক্টোবর আবারও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ২৭ অক্টোবর থেকে বন্দরে নিয়মিত কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
আগরতলার ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার থেকে গত ১৫ অক্টোবর আগরতলা স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট অব কাস্টমসের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠির অনুলিপি বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার মাছ রপ্তানিও বন্ধ রাখা হয়েছিল। আসন্ন ছুটির কারণে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।
