রাস্তায় শিক্ষককে পেটানো সেই ছাত্রকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা
বগুড়ায় শাসন করায় শরীরচর্চার শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় বহিষ্কৃত সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ
বগুড়া প্রতিনিধিবগুড়ায় শাসন করায় শরীরচর্চার শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় বহিষ্কৃত সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর পরিবারের সদস্যদের সহযোগিতায় বুধবার রাতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় আহত শিক্ষক থানায় মামলা করেছেন।
আটক রিয়াদ বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা ট্রাকচালক বিপুল মিয়া বুধবার রাতে বগুড়া সদর থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করে ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে স্কুল ছুটির পর শরীরচর্চার শিক্ষক আবু রায়হান ইসলাম মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সামনে গাছের ডাল হাতে দাঁড়িয়ে ছিল রিয়াদ। সে শিক্ষককে মোটরসাইকেল থামাতে বলে। শিক্ষক মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গেই হাতে থাকা গাছের ডাল দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই শিক্ষার্থী।
এ ঘটনার পরদিন বিদ্যালয় কর্তৃপক্ষ রিয়াদকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে। পরে শিক্ষককে মারধরের ভিডিও ও ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে তারা মানববন্ধন কর্মসূচিও পালন করেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে রিয়াদের বাবা বিপুল মিয়া একটি বক্তব্য দেন। সেখানে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করার পাশাপাশি আহত শিক্ষকের সমালোচনা করেন। তার সেই বক্তব্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, পরিবারের সদস্যদের সহযোগিতায় ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে ভুক্তভোগী শিক্ষক তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন। শিক্ষককে প্রকাশ্যে মারধরের ঘটনায় বিদ্যালয় থেকে বহিষ্কার, সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া এবং শেষ পর্যন্ত পুলিশের হেফাজতে যাওয়ার মধ্য দিয়ে ঘটনাটি নতুন মোড় নিয়েছে। এখন মামলার তদন্তে ঘটনার পেছনের বিষয়গুলো কতটা স্পষ্ট হয়, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।
বাংলাদেশ জার্নাল/সিএম
