মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং সরবরাহ সংকটের শঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাতের মধ্যে সৌদি আরবে সাম্প্রতিক হামলা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন সামরিক অভিযানের খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বৃদ্ধির ধারায় রয়েছে।
আজ শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বিশ্বমান 'ব্রেন্ট ক্রুড'-এর দাম ০.৩৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১১৩ দশমিক ৫৮ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের 'ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট' (ডাব্লিউটিআই) ক্রুডের দাম ০.৩৩ শতাংশ বেড়ে অবস্থান করছে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৮০ ডলারে। সাম্প্রতিক উত্থানের ফলে চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের বৈশ্বিক বেঞ্চমার্কে জ্বালানি তেলের সামগ্রিক দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের উপকূলে অবস্থিত সৌদির গুরুত্বপূর্ণ ইয়ানবু বন্দরে হামলা চালানোর পাশাপাশি দেশটির একটি তেলক্ষেত্র ও বিমানবন্দরে আঘাত হানে। সৌদি আরবের ভেতরে চালানো এসব হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ নিয়ে বিশ্বজুড়ে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।
