নওগাঁর আত্রাইয়ে নৈশকালীন অবৈতনিক নামাজ ও আরবি শিক্ষা কেন্দ্র ‘আলোর সন্ধানে’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন কেন্দ্রটির নিজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়।
আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা। কেন্দ্রটির পরিচালক ও সাবেক ব্যাংক কর্মকর্তা হামিদুল হক রানুর সার্বিক আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য দেন আত্রাই উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ খান ডলার, উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাকি শাহিন, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান সাবু, রোম্মানুল হক ও ব্যবসায়ী রিয়াজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মব্যস্ত জীবনের কারণে অনেক মানুষ ধর্মীয় শিক্ষা অর্জনের পর্যাপ্ত সুযোগ পান না। ‘আলোর সন্ধানে’ কেন্দ্রটি বিনামূল্যে নামাজ ও শুদ্ধ আরবি শিক্ষা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষ ও কর্মজীবীদের ধর্মীয় শিক্ষার সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাঁরা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং ধর্মীয় জ্ঞান অর্জনে কেন্দ্রটির কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
The post আত্রাইয়ে অবৈতনিক নামাজ ও আরবি শিক্ষা কেন্দ্রের উদ্বোধন appeared first on ভোরের চেতনা.
