
মহাদেবপুরে দুর্গামন্দিরে বক্স বাজানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক আহত; গ্রেপ্তার ১
নওগাঁর মহাদেবপুর উপজেলায় বক্স বাজানোকে কেন্দ্র করে দুর্গামন্দিরের ভেতরে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে দিপু (২০) নামে এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় নতুন কুমার (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার সফাপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের দুর্গামন্দিরের ভেতরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামিদপুর গ্রামের অনুকূলের ছেলে নতুন কুমার (২৮) ও বিপ্লবের ছেলে দিপুর (২০)র মধ্যে সাউন্ড বক্স বাজানো নিয়ে কথা-কাটাকাটি ও বাক্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে নতুন কুমার দিপুকে ছুরিকাঘাত করেন বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আনসার সদস্যরা তাকে আটকে রাখেন। পরে মহাদেবপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নতুন কুমারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, আহত দিপু নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, নতুন কুমারকে থানায় আটক রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
