নিজস্ব প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি:
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে একটি ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২১ অক্টোবর) গভীর রাতে মৌলানা আলী আকবরের মালিকানাধীন হুরাইরা মেডিকেল সেন্টারে চুরি সংঘটিত হয়। এ সময় দোকানের ক্যাশের তালা ভেঙে নগদ প্রায় ৩০ হাজার টাকা ও কিছু ওষুধ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ফার্মেসির দায়িত্বে থাকা আলী আকবরের ছেলে মুর্তেজা জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে ফার্মেসী বন্ধ করে তাঁরা বাড়িতে চলে যান। বৃহস্পতিবার সকালে দোকান খুলে ক্যাশের তালা ভাঙা দেখতে পান। পরে খোঁজ নিয়ে দোকানের ওপরের চালের কাঠ ও টিন কাটা অবস্থায় দেখতে পান। তাঁর ধারণা, চোরেরা চাল কেটে দোকানে প্রবেশ করে ক্যাশে থাকা টাকা ও কিছু ওষুধ নিয়ে গেছে।
এ বিষয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আনিসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ফাঁড়িতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাজারে একের পর এক চুরি, উদ্বিগ্ন ব্যবসায়ীরা
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গত ১০ থেকে ১৫ দিনের মধ্যে একই বাজারে রাতে আরও দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বাজারের কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, বাজারের মাঝখানে একটি দোকান সারা রাত খোলা থাকে। তাঁদের দাবি, ওই দোকানে চোর, ইয়াবা কারবারি ও ইয়াবা সেবনকারীদের নিয়মিত যাতায়াত রয়েছে।
বাজারের পাহারাদারদের দাবি, রাতভর দোকানটি খোলা থাকায় অপরিচিত ব্যক্তিদের চলাচলের ওপর নজর রাখা কঠিন হয়ে পড়ে। তাঁদের মতে, রাতে দোকানটি বন্ধ থাকলে পাহারার কাজ সহজ হবে এবং চুরি প্রতিরোধে সহায়ক হতে পারে।
এ অবস্থায় বাজারের ব্যবসায়ীরা রাতের নিরাপত্তা জোরদার, নিয়মিত পাহারার ব্যবস্থা এবং ধারাবাহিক চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
The post রামুর গর্জনিয়া বাজার ফার্মেসীতে দুর্ধর্ষ চুরি appeared first on sokalerkhobor24.com.
