কিশোরগঞ্জে অসহায় ও প্রতিবন্ধী ৩০ জনের মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করেছে জেলা পরিষদ। এর মাধ্যমে তাঁদের চলাচল সহজ হওয়ার পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা হবে বলে আশা করা হচ্ছে।
(১৯ অক্টোবর) জেলা পরিষদ কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। এ সময় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদা রহমান, পরিষদের কর্মকর্তা-কর্মচারী, জেলার বিএনপি নেতারা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
হুইলচেয়ার পেয়ে উপকারভোগী হৃদয় বলেন, চলাফেরায় তাঁকে অনেক কষ্ট করতে হতো। বিনামূল্যে হুইলচেয়ার পেয়ে তিনি উপকৃত হয়েছেন। এখন তাঁর চলাচল আগের তুলনায় সহজ হবে।
আরেক উপকারভোগী মারুফা আক্তার বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে তাঁর পক্ষে হুইলচেয়ার কেনা সম্ভব হয়নি। চলাফেরার জন্য অন্যের সহযোগিতা নিতে হতো। জেলা পরিষদের এ উদ্যোগে তিনি অনেক উপকৃত হয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়াতে আরও প্রতিষ্ঠান এগিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, সমাজের অবহেলিত, বিশেষ চাহিদাসম্পন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও সামাজিক দায়িত্ব। প্রতিবন্ধিতা কোনো অভিশাপ নয়। প্রয়োজনীয় সুযোগ ও সহযোগিতা পেলে তাঁরাও সমাজের মূলধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
জেলা পরিষদ মানবকল্যাণ ও এলাকার উন্নয়নে মানুষের পাশে থাকবে উল্লেখ করে তিনি এ ধরনের উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এমএ
