ফাইল চিত্রছবি: wbtourism.gov.in
Published on
:
1 min read
পুজোর আবহ কাটতে না কাটতে ফের মন্দারমনিতে দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুর নাগাদ ৬ জন বন্ধু মিলে মন্দারমনির সৈকতে স্নান করতে নেমেছিলেন। সেই সময়ে তাঁরা সমুদ্রে তলিয়ে যান। বৃহস্পতিবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তাঁদের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু বাকি ২ জন বন্ধু এখনও নিখোঁজ রয়েছেন।
মন্দারমনি কোস্টাল থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধারের জন্য তল্লাশি চালিয়ে যাচ্ছেন। উদ্ধার হওয়া ৪ জন সুস্থ রয়েছেন বলে সূ্ত্রের খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার হাওড়ার ডোমজুড় থেকে ৬ বন্ধুর একটি দল মন্দারমণিতে ঘুরতে এসেছিলেন। ওই এলাকাতেই একটি হোটেলে তাঁরা উঠেছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাঁরা সমুদ্র স্নান করতে নামেন। সেই সময়ে ৬ জনকে তলিয়ে যেতে দেখেন স্থানীয়রা। কাছেই থাকা নুলিয়ারা সঙ্গে সঙ্গে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন। ৪ জনকে উদ্ধার করতে পারলেও বাকি দু’জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। জলের টানে তাঁরা গভীরে তলিয়ে যান বলে সূত্রের খবর। পুজোর আগেই দিঘা-মন্দারমনি সৈকতে বেশ কয়েকটি তলিয়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতেরা সকলেই পর্যটক।
এদিকে পুজো মিটতেই ভিড় বাড়ছে দিঘা-মন্দারমনিতে। বুধবার রাত থেকে দিঘায় পর্যটকদের ভিড় জমতে শুরু হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাশ চট্টোপাধ্যায় বলেন, ‘পুজো মিটতেই দিঘায় ভিড় জমেছে। হোটেল বুকিংও হচ্ছে ভালো। বুধবার থেকে বুকিং প্রায় ৯০ শতাংশ বেড়েছে।’