চট্টগ্রামের মীরসরাইয়ে শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচিত হলো। বেপজা অর্থনৈতিক অঞ্চল-০১-এ আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে শতভাগ চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ‘মেসার্স এসবিএস জিপার বাংলাদেশ কোম্পানি’।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) আয়োজিত এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কারখানাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যা এই অঞ্চলে বৈদেশিক বিনিয়োগ ও শিল্পায়নে বড় ধরনের গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বেপজার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ কোটি ৯৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার প্রস্তাবিত বিনিয়োগের এই প্রকল্পে ইতোমধ্যে ১ কোটি ৫৫ লাখ ১০ হাজার ডলারের বেশি বিনিয়োগ করা হয়েছে। অর্থনৈতিক অঞ্চলের ছয়টি প্লটে গড়ে তোলা এই বিশাল কারখানায় তৈরি হবে উচ্চমানের নানা পদের জিপার, জিপার যন্ত্রাংশ, প্লাস্টিক বোতামসহ তৈরি পোশাক খাতের প্রয়োজনীয় সামগ্রী।
উৎপাদন ক্ষমতার কথা তুলে ধরে বেপজা জানায়, বর্তমানে কারখানাটিতে ১৪০ জন স্থানীয় কর্মী নিয়োজিত রয়েছেন। তবে কারখানাটি পূর্ণাঙ্গ ক্ষমতায় পরিচালিত হলে দুই হাজারের বেশি বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিএস জিপার গ্রুপের চেয়ারম্যান, বিদেশি ক্রেতা প্রতিনিধি ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা। এ সময় বেপজা অর্থনৈতিক অঞ্চল-০১-এর নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মাহবুব নতুন এই বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে শুভকামনা জানান এবং সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
উল্লেখ্য, বেপজা অর্থনৈতিক অঞ্চল-০১-এর মোট ২৭৯টি প্লটের মধ্যে ২৬৩টি প্লট ও একটি ছয়তলা ভবন ইতিমধ্যে ৪৭টি স্বনামধন্য শিল্পগোষ্ঠীকে বরাদ্দ দেওয়া হয়েছে। এসবিএস জিপারসহ বর্তমানে ১৪টি কারখানা বাণিজ্যিক উৎপাদনে রয়েছে এবং আরও ১৭টি শিল্প কারখানার নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে।
শিল্প বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI) দেশের তৈরি পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ শক্তিশালী করবে এবং কর্মসংস্থান বৃদ্ধির সাথে সাথে রপ্তানি আয় বাড়াতে প্রত্যক্ষ ভূমিকা রাখবে।
