বিশ্ব ডাক দিবস ২০২৬ ও ডাক সেবা সপ্তাহ উপলক্ষে ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’র বিভিন্ন পর্যায়ের ছয়জন প্রতিনিধিকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে। দেশজুড়ে ডাক ও ডিজিটাল আর্থিক সেবার প্রসারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ডাক বিভাগ তাদের এ পুরস্কার দেয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকার আগারগাঁওয়ে ডাক ভবনে আয়োজিত স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
নগদ’র ডিস্ট্রিবিউটর, উদ্যোক্তা এবং নগদ সেবা – এই তিন ক্যাটাগরিতে প্রতিনিধিরা এ স্বীকৃতি পান।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ডিস্ট্রিবিউটর ক্যাটাগরিতে পঞ্চগড়ের এইচ. টি. এন্টারপ্রাইজের মো. সাইদুজ্জামান শিপলু এবং নারায়ণগঞ্জ ও ঢাকার আইডিয়াল কানেকশনের নবনীত সাহা এই স্বীকৃতি পান। উদ্যোক্তা ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন নেত্রকোনার রনি টেলিকমের মো. রনি মিয়া ও কক্সবাজারের নাজিম কম্পিউটারের নাজিম উদ্দিন। এছাড়া নগদ সেবা প্রতিনিধি ক্যাটাগরিতে ব্রাহ্মণবাড়িয়ার মুশফিকুল ইসলাম ভূঁইয়া ও বগুড়ার মো. ইমরান হক দিহানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মিজ বিলকিস জাহান রিমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।
অনুষ্ঠানে নগদ এর ৬ প্রতিনিধি সহ সম্মাননা পাওয়া সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “নগদ ডাক বিভাগকে প্রফিট দিচ্ছে, কিছুদিন আগে আমাদেরকে ১৮ কোটি টাকা লাভ দিয়েছে। সুতরাং নগদকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা”।
চলতি বছর “সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ডাক সেবা সপ্তাহ পালিত হচ্ছে। সাধারণ মানুষের জরুরি সেবার বিষয়টি বিবেচনায় নিয়ে ছুটির দিনেও ডাকঘরের কার্যক্রম চালু রাখার পাশাপাশি ডাকঘরের বিস্তৃত নেটওয়ার্ককে কাজে লাগিয়ে যোগাযোগ, বাণিজ্য, লজিস্টিকস ও আর্থিক সেবা এক ছাতার নিচে আনার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
এবারের ডাক দিবসের কর্মসূচিতে আন্তর্জাতিক পত্রলিখন প্রতিযোগিতা, চিঠি উৎসব, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পাশাপাশি ডাক বিভাগ ও ‘নগদ’র সফল অংশীদারদের পুরস্কৃত করা হয়। নগদ প্রতিনিধি ছাড়াও ডাকসেবা ও পোস্টাল ব্যালট কার্যক্রমে বিশেষ অবদান রাখা কর্মকর্তা-কর্মচারীসহ মোট ২৯ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
