শেয়ারবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানি ৩০ জুন ২০২৬ সালের সমাপ্ত হিসাব বছরে লভ্যাংশ ঘোষণা করেছে। অপরদিকে, আলোচ্য হিসাব বছরে একটি কোম্পানি লোকসানে থাকায় লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে।
যে দুটি কোম্পানি লভ্যাংশ দিয়েছে সেগুলো হলো- মতিন স্পিনিং এবং দুলামিয়া কটন। অপরদিকে, শার্প ইন্ডাস্ট্রিজ লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মতিন স্পিনিং মিলস
কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩৬ পয়সা। আগের বছরে একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ৪ টাকা ৭০ পয়সা। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭০ টাকা ৬৯ পয়সা।
দুলামিয়া কটন
সমাপ্ত হিসাব বছরে দুলামিয়া কটনের পরিচালনা পর্ষদ ১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ৩৯ টাকা ৮১ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ১৩ ডিসেম্বর বেলা ১১টায় রাজধানীর বীর উত্তম সিআর দত্ত রোডের অ্যাঙ্কর টাওয়ারে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
শার্প ইন্ডাস্ট্রিজ
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি এবার ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। লোকসানে থাকার কারণে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি ২ টাকা ৩৯ পয়সা লোকসান করেছে। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৭ টাকা ৬৮ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ২৪ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় হাইব্রিড সিস্টেম ও সরাসরি গাজীপুর গ্রীনটেক রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
