সময়ের সঙ্গে বদলেছে দর্শকের পছন্দ। প্রথমে বক্সঅফিসে ব্যর্থ হলেও পরবর্তীকালে কোনও কোনও ছবি পেয়েছে নতুন করে জনপ্রিয়তা, কোনওটি হয়ে উঠেছে প্রজন্মের পর প্রজন্মের কাছে অতি প্রিয়।
০১ / ১৬
প্রতি বছরই একাধিক ছবি মুক্তি পায় বড়পর্দায়। কোনও ছবি মনে দাগ কাটে, কোনও ছবির নাম কিছু দিনের মধ্যেই ভুলে যান দর্শক। আবার কিছু ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়লেও পরবর্তীকালে ভূয়সী প্রশংসা পেয়েছে। সময়ের সঙ্গে বদলেছে দর্শকের দৃষ্টিভঙ্গি। কোনও ছবি পেয়েছে নতুন করে জনপ্রিয়তা, কোনওটি হয়ে উঠেছে প্রজন্মের পর প্রজন্মের প্রিয়। রইল বলিউডের এমনই কিছু বাছাই ছবির গল্প, যা প্রথমে ব্যর্থ হলেও পরে জায়গা করে নিয়েছে সাফল্যের তালিকায়।
০২ / ১৬
‘কাগজ় কে ফুল’ (১৯৫৯): গুরু দত্তের পরিচালনায় তৈরি এই ছবি মুক্তির সময়ে বক্সঅফিসে ব্যর্থ হয়েছিল। এক চিত্রপরিচালকের উত্থান-পতন, নিঃসঙ্গতা ও ব্যক্তিগত জীবনের যন্ত্রণা নিয়ে তৈরি ছবিটি তখন দর্শকের মন জয় করতে পারেনি। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে ছবিটির মূল্যায়ন। সিনেমাটোগ্রাফি, আলো-ছায়ার ব্যবহার এবং বিষণ্ণ কাহিনির জন্য এখন এটি হিন্দি সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ ‘কাল্ট’ ছবি হিসাবে বিবেচিত হয়।
০৩ / ১৬
মেরা নাম জোকার’ (১৯৭০): রাজ কপূরের স্বপ্নের ছবি ‘মেরা নাম জোকার’। মুক্তির সময়ে প্রত্যাশা পূরণ করতে পারেনি। দীর্ঘ ছবি এবং জটিল আবেগের কাহিনি দর্শকের একাংশকে দূরে সরিয়ে রেখেছিল। অথচ সার্কাসের এক জোকারের হাসির আড়ালে লুকিয়ে থাকা যন্ত্রণা, প্রেম ও একাকিত্বের গল্প পরবর্তী সময়ে নতুন করে সমাদৃত হয়। আজ ছবিটিকে রাজ কপূরের অন্যতম বড় মাপের কাজ হিসেবে দেখা হয়।
০৪ / ১৬
‘সিলসিলা’ (১৯৮১): অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও রেখা অভিনীত ‘সিলসিলা’র নাম শোনেননি, এমন সিনেপ্রেমী হয়তো খুঁজে পাওয়া কঠিন। কিন্তু, মুক্তির সময়ে বক্সঅফিসে রীতিমতো মুখ থুবড়ে পড়ে ছবিটি। বিবাহিত সম্পর্ক, পুরনো প্রেম এবং আবেগের টানাপড়েন নিয়ে তৈরি ছবিটি সেই সময়ের দর্শকের কাছে বিতর্কিতও ছিল। কিন্তু বছরের পর বছর ধরে ছবিটির গান, অভিনয় এবং সর্বোপরি গল্পের সঙ্গে ওই তিন অভিনেতার ব্যক্তিগত জীবনের সম্পর্কের তথাকথিত টানাপড়েন মিলে যাওয়া— এ সবের কারণেই আকর্ষণ বেড়েছে ছবিটির। এখনও হিন্দি সিনেমার আলোচিত রোম্যান্টিক ছবিগুলির অন্যতম এটি।
০৫ / ১৬
‘জানে ভী দো ইয়ারো’ (১৯৮৩): দুর্নীতি, সংবাদমাধ্যমের ভণ্ডামি এবং ক্ষমতাবানদের অসততা নিয়ে তৈরি কুন্দন শাহ পরিচালিত এই ছবি মুক্তির সময়ে বক্সঅফিসে সাফল্য পায়নি। বলা হয়, দর্শক এই ছবির সঙ্গে সে ভাবে যোগ স্থাপন করতে পারেননি। কিন্তু তীক্ষ্ণ ব্যঙ্গ, অদ্ভুত কৌতুক এবং বিখ্যাত কিছু দৃশ্য ছবিটিকে অন্য উচ্চতায় নিয়ে যায়। সময়ের সঙ্গে ছবিটির রাজনৈতিক ও সামাজিক তাৎপর্য আরও স্পষ্ট হয়েছে। ভারতীয় সিনেমার অন্যতম সেরা ‘স্যাটায়ার’ হিসাবে পরিচিত এটি।
০৬ / ১৬
‘অগ্নিপথ’ (১৯৯০): অমিতাভ বচ্চন অভিনীত বিজয় দীননাথ চৌহান চরিত্রটি আজও দর্শকের স্মৃতিতে দাপটের সঙ্গে উজ্জ্বল। অথচ মুক্তির সময়ে মুকুল এস আনন্দ পরিচালিত ‘অগ্নিপথ’ বক্সঅফিসে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। ছবির অন্ধকার আবহ, হিংসাত্মক কাহিনি এবং অমিতাভের স্বতন্ত্র সংলাপ বলার ধরন তখন সব দর্শকের পছন্দ হয়নি। পরে টেলিভিশনে ছবিটি জনপ্রিয়তা পায়। অমিতাভের অভিনয় ও ছবির সংলাপ একে ‘কাল্ট’ মর্যাদা এনে দেয়।
০৭ / ১৬
‘আন্দাজ় অপনা অপনা’ (১৯৯৪): আমির খান ও সলমন খান অভিনীত এই কমেডি ছবিটি মুক্তির সময়ে বড় বাণিজ্যিক সাফল্য পায়নি। কিন্তু অমর-প্রেমের কাণ্ডকারখানা, ক্রাইম মাস্টার গোগোর সংলাপ এবং অদ্ভুত হাস্যরস ধীরে ধীরে দর্শকের মনে জায়গা করে নেয়। টেলিভিশনে বার বার সম্প্রচারিত হওয়ার সুবাদে ছবিটির জনপ্রিয়তা বাড়তে থাকে। এখন এই ছবি এমন এক ‘কাল্ট কমেডি’, যার সংলাপ এখনও সমাজমাধ্যমে ঘুরে বেড়ায়।
০৮ / ১৬
‘লমহে’ (১৯৯১): যশ চোপড়া পরিচালিত ‘লমহে’ ছিল সময়ের তুলনায় অনেকটাই ব্যতিক্রমী এক প্রেমের গল্প। অনিল কপূর ও শ্রীদেবী অভিনীত ছবিতে বয়স, প্রেম ও সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছিল। বিষয়বস্তুর কারণে মুক্তির সময়ে ছবিটি প্রত্যাশিত সাফল্য পায়নি। তবে পরবর্তী সময়ে ছবিটির সাহসী কাহিনি, শ্রীদেবীর দ্বৈত চরিত্রে অভিনয় এবং গান প্রশংসিত হয়েছে। ছবিটিকে এখন হিন্দি সিনেমার অন্যতম সাহসী রোম্যান্টিক ছবি হিসেবে মনে করা হয়।
০৯ / ১৬
‘স্বদেশ’ (২০০৪): শাহরুখ খানকে সাধারণত রোম্যান্টিক নায়ক হিসেবেই দেখতে অভ্যস্ত ছিলেন দর্শক। ‘স্বদেশ’ ছবিতে সেই পরিচিত ছক ভেঙে এক প্রবাসী বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেন তিনি। আশুতোষ গোয়ারীকরের পরিচালনায় তৈরি ছবিটি মুক্তির সময়ে বক্সঅফিসে বিশেষ সাড়া ফেলতে পারেনি। কিন্তু নিজের শিকড়, গ্রামোন্নয়ন ও সামাজিক দায়িত্ববোধের গল্প পরবর্তী সময়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়। শাহরুখের কেরিয়ারের অন্যতম সেরা অভিনয় হিসেবেও ছবিটি আলোচিত।
১০ / ১৬
‘লক্ষ্য’ (২০০৪): ফরহান আখতারের পরিচালনায় এই ছবিতে হৃতিক রোশন অভিনয় করেছিলেন লক্ষ্যহীন এক তরুণের চরিত্রে, যে পরে সেনাবাহিনীতে যোগ দিয়ে নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পায়। মুক্তির সময়ে ছবিটি বক্সঅফিসে বড় সাফল্য পায়নি। কিন্তু তরুণ প্রজন্মের আত্মপরিচয়, দায়িত্ববোধ এবং জীবনের লক্ষ্য খুঁজে নেওয়ার গল্প ধীরে ধীরে দর্শকের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ছবির গান এবং হৃতিকের অভিনয়ও জনপ্রিয়তার অন্যতম কারণ।
১১ / ১৬
‘তুম্বা়ড়’ (২০১৮): লোভ, অভিশাপ এবং লোককথার মিশেলে তৈরি ছবিটি মুক্তির সময়ে বিপুল বাণিজ্যিক সাফল্য পায়নি। রাহী অনিল বরভে পরিচালিত এই ছবির আঁধারে মোড়া প্রেক্ষাপট, অনন্য দৃশ্যায়ন এবং পৌরাণিক কল্পনার ব্যবহার দর্শকের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। টেলিভিশন ও ওটিটিতে নতুন করে দর্শক ছবিটি আবিষ্কার করেন। ভারতীয় হরর-ফ্যান্টাসি ছবির ক্ষেত্রে ‘তুম্বাড়’ এখন অন্যতম উল্লেখযোগ্য নাম।
১২ / ১৬
‘রকেট সিং: সেলসম্যান অফ দ্য ইয়ার’ (২০০৯): রণবীর কপূর অভিনীত এই ছবিতে দেখা যায় এক তরুণ বিক্রয়কর্মীকে, যে কর্পোরেট দুনিয়ার অনৈতিকতার মধ্যে থেকেও নিজের মূল্যবোধ ধরে রাখার চেষ্টা করে। মুক্তির সময়ে ছবিটি বক্সঅফিসে ব্যর্থ হয়েছিল। কিন্তু কর্মক্ষেত্রের সততা, ব্যবসার নীতি এবং সাধারণ মানুষের লড়াইয়ের গল্প পরবর্তী সময়ে, বিশেষ করে তরুণ দর্শকের কাছে প্রাসঙ্গিক হয়ে ওঠে। ‘রকেট সিং’ রণবীরের কেরিয়ারের অন্যতম ‘আন্ডাররেটেড’ ছবি হিসেবে পরিচিত।
১৩ / ১৬
‘ওয়ে লাকি! লাকি ওয়ে!’ (২০০৮): দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবি এক চোরের জীবনের গল্পের মাধ্যমে সমাজের শ্রেণিবিভাজন ও ভোগবাদকে তুলে ধরেছিল। অভয় দেওল অভিনীত ছবিটি মুক্তির সময়ে একেবারেই সাফল্য পায়নি। কিন্তু এর ব্যতিক্রমী গল্প, সূক্ষ্ম কৌতুক এবং চরিত্রগুলির বাস্তবধর্মী উপস্থাপনা পরবর্তী সময়ে প্রশংসা পায়। টেলিভিশন ও ওটিটির মাধ্যমে ছবিটি নতুন দর্শকও খুঁজে পায়।
১৪ / ১৬
‘তমাশা’ (২০১৫): রণবীর কপূর ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘তমাশা’ মুক্তির সময়ে বক্সঅফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। রীতিমতো খারাপ রিভিউ পায় ইমতিয়াজ় আলি পরিচালিত ছবিটি। এই ছবিতে এক তরুণের নিজের পরিচয় খুঁজে নেওয়া, সমাজের প্রত্যাশা এবং ব্যক্তিগত স্বপ্নের দ্বন্দ্ব উঠে এসেছিল। প্রথমে ছবিটির কাহিনি নিয়ে দর্শকের মধ্যে মতভেদ থাকলেও, পরে অনেকেই এর বক্তব্যের সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পান। এ আর রহমানের সঙ্গীতও ছবিটির জনপ্রিয়তার অন্যতম কারণ হয়ে ওঠে।
১৫ / ১৬
‘লৈলা মজনূ’ (২০১৮): ইমতিয়াজ় আলির গল্প অবলম্বনে সাজিদ আলি পরিচালিত ‘লৈলা মজনূ’ ছবিটিও মুক্তির সময়ে বক্সঅফিসে বিশেষ সাড়া ফেলতে পারেনি। কিন্তু কাশ্মীরের প্রেক্ষাপটে তৈরি প্রেম, বিচ্ছেদ ও উন্মাদনার গল্প ধীরে ধীরে তরুণ দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ছবির গান এবং অবিনাশ তিওয়ারি ও তৃপ্তি ডিমরীর অভিনয় নতুন করে প্রশংসিত হয়। পুনরায় প্রদর্শনের সময় ছবিটি বিপুল পরিমাণে দর্শক টানতে সক্ষম হয়েছে।
১৬ / ১৬
বক্সঅফিসের সাফল্যই যে কোনও ছবির ভবিষ্যৎ নির্ধারণ করে না, এই ছবিগুলি তার প্রমাণ। কোনও কোনও গল্প নিজের সময়ের চেয়ে এগিয়ে থাকে— দর্শকের কাছে সেই গল্পকে পৌঁছোতে কখনও কখনও অপেক্ষা করতে হয় কয়েক বছর, কখনও কয়েক দশক।
