কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার সকাল সাড়ে ১০টায় তিনি কেন্দ্রটি পরিদর্শন করেন।
এ সময় চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম চৌধুরী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের নেতৃত্বে নিবাসী শিশুরা মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানায়। এরপর তিনি শিশুদের তৈরি ‘আলোর পথযাত্রী’ শিরোনামের দেয়ালিকার ২৪তম সংখ্যা উন্মোচন করেন।
মন্ত্রীর আগমন উপলক্ষে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে কেন্দ্রের সার্বিক সেবাকার্যক্রমের চিত্র তুলে ধরেন।
জেসমিন আকতারের উপস্থাপনায় এবং নিবাসী শিশু নিজাম উদ্দিনের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ।
অনুষ্ঠানে নিবাসী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও উশু প্রদর্শনী উপভোগ করেন মন্ত্রীসহ উপস্থিত অতিথিরা। পরিবেশনাগুলোর ভূয়সী প্রশংসা করেন তারা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিশুরা নিজেদের তৈরি পুঁতি দিয়ে নির্মিত তাজমহলের শোপিস মন্ত্রীর হাতে উপহার দেয়। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
পরিদর্শনকালে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কেন্দ্রের সার্বিক পরিবেশ, আবাসনব্যবস্থা, অফিস ব্যবস্থাপনা ও বিভিন্ন সেবাকার্যক্রম ঘুরে দেখেন। এসব কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি কেন্দ্রের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
পরিদর্শন শেষে সমাজকল্যাণমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় কেন্দ্রের ছাদবাগানের জন্য একটি আমলকির চারা রোপণ করেন তিনি।
কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন, সমাজকল্যাণমন্ত্রীর এই পরিদর্শন কেন্দ্রের সেবাকার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করবে বলে তারা বিশ্বাস করেন।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রটি সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় সুবিধাবঞ্চিত, বিপন্ন ও পথশিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে।
কেন্দ্রটিতে শিশুদের নিরাপদ আশ্রয়, খাদ্য, বস্ত্র, মৌলিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা, জীবনদক্ষতা উন্নয়ন, মনোসামাজিক সহায়তা, কারিগরি প্রশিক্ষণ, চিত্তবিনোদন, চাকরিতে নিয়োগ এবং পুনর্বাসন ও পুনঃএকত্রীকরণসহ বিভিন্ন সেবা দেওয়া হয়।
