Published on
:
1 min read
এই সময়, খড়্গপুর: জাতীয় সড়ক দুর্ঘটনায় জখম ব্যক্তিদের দ্রুত চিকিৎসার স্বার্থে মকরাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এ বার ট্রমা কেয়ার সেন্টার তৈরির জন্য উদ্যোগী হলো রাজ্য সরকার। সোমবার পরিকাঠামো খতিয়ে দেখতে স্বাস্থ্যকেন্দ্রে যান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের আধিকারিকও। তাঁদের রিপোর্টের ভিত্তিতেই সরকার যাবতীয় সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে।
নারায়ণগড় ব্লকের মকরামপুরে বর্তমানে একটি ১০ শয্যার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। খড়্গপুর-ওড়িশা ১৬ নম্বর জাতীয় সড়কের ধারেই রয়েছে সেটি। জাতীয় সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সেই সময়ে জখমদের অনেকেই চিকিৎসার জন্য বেলদা সুপার স্পেশালিটি হাসাপাতাল অথবা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হয়। তাতে চিকিৎসা শুরু হতে বেশ কিছুটা সময় লেগে যায় বলে অভিযোগ। কিন্তু মকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ট্রমা কেয়ার সেন্টার চালু হলে খড়্গপুর গ্রামীন, সবং, নারায়ণগড়, কেশিয়াড়ি ও দাঁতন ব্লকের বহু মানুষ উপকৃত হবেন বলে দাবি। সেই লক্ষ্যেই নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে আবেদন জানান। তারই প্রেক্ষিতে এ দিন পরিদর্শনও হয়ে গেল।
রমাপ্রসাদ বলেন, ‘আশা করব, এ বার দ্রুত অনুমোদন মিলবে ও মানুষ জাতীয় সড়কের ধারেই উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন। না হলে দুর্ঘটনায় জখম ব্যক্তিদের সকলকে আমরা বাঁচাতে পারছি না। মকরামপুরে ট্রমা কেয়ার ইউনিট চালু হলে বহু মানুষ উপকৃত হবেন।’
