ভারতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী দিল্লি। সেই পরিস্থিতিতেই প্রথমে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানানোর পর এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে চলেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’।
নির্বাচনকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের সংঘাত এখন আর রাজনৈতিক সভা, মিছিল কিংবা সংসদের বিতর্কে সীমাবদ্ধ নেই। অভিযোগের পরিসর বাড়িয়ে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কাছেও তা পৌঁছতে চাইছে বিরোধীরা।
এরই পদক্ষেপ হিসাবে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নিয়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে। এদিন বিকাল ৪ টা থেকে ৫ টার মধ্যে তাদের বৈঠক করার কথা রয়েছে।
তবে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র পক্ষ থেকে আর কোন কোন প্রতিনিধি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করবেন, তা এখনও জানা যায়নি।
কংগ্রেস সভাপতি খড়গে জানিয়েছেন, তারা ‘ভোটচুরি’ এবং দেশে ‘অঘোষিত জরুরি অবস্থা’ নিয়ে তাদের উদ্বেগের কথা প্রধান বিচারপতিকে জানাবেন। তিনি বলেন, “আমরা তার (প্রধান বিচারপতি) কাছে কিছু দাবি করব না। কেবল জোড়হাত করে অনুরোধ করব।”
খড়গে জানিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল। তার ভিত্তিতে স্থির হয় যে, সোমবার বিকেলে প্রধান বিচারপতি বিরোধী জোটের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন।
‘ইন্ডিয়া’-র পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দেবে বিরোধী জোটের প্রতিনিধিরা।
প্রাথমিক ভাবে জানা গেছে, রাষ্ট্রপতি ভবনে যে প্রতিনিধিদল গিয়েছিল, সেই দলই থাকবে। অর্থাৎ, রাহুল ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম এর সাধারণ সম্পাদকের এই প্রতিনিধিদলে থাকার কথা।
শনিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানান, সোমবার দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করবে ‘ইন্ডিয়া’। এর প্রকৃতি কেমন হবে, তা এখনও স্পষ্ট করেনি বিরোধী জোট। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে যে তারা দেখা করতে চান, তা শনিবারও স্পষ্ট করেছেন বেণুগোপাল।
জ্ঞানেশ-বিরোধী আন্দোলন জোরদার করতে গত মঙ্গলবার রাস্তায় নেমেছিলেন রহুল-প্রিয়াঙ্কাসহ অন্যান্য বিরোধী নেতারা। ‘ইন্ডিয়া’র সাংসদদের নির্বাচন সদন অভিযান ঘিরে দিনভর উত্তাল ছিল দিল্লি। পরে গত শুক্রবার রাষ্ট্রপতি ভবনে যান ‘ইন্ডিয়া’র প্রতিনিধিরা।
সেই প্রতিনিধিদলে ছিলেন মমতাও। জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ জানাতে শুক্রবার রাষ্ট্রপতি ভবনে যায় ‘ইন্ডিয়া’র ১০ সদস্যের এক প্রতিনিধিদল।
বিরোধীদের এই তৎপরতার একটি গুরুত্বপূর্ণ দিক হল, একই অভিযোগ নিয়ে একের পর এক সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছে যাওয়া।
শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী জোটের এই প্রতিনিধিরা।
সেই বৈঠকের পর নিজেদের বক্তব্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিতে পেরেছেন বলে সন্তোষ প্রকাশ করেন তারা। এবার প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার মাধ্যমে সেই প্রচেষ্টা আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে জোট।
