Published on
:
2 min read
সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ১১,৫০০ ফুটেরও বেশি। লাদাখের লেহ-তে তৈরি হলো দেশের সর্বোচ্চ উচ্চতায় হাইকোর্টের বেঞ্চ। জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের নবগঠিত বেঞ্চ পথচলা শুরু করল বুধবার থেকে। হাইকোর্টের নতুন এই বেঞ্চ-এর জন্য দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দাদের বিচার পেতে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সমস্যা মিটবে বলে মনে করা হচ্ছে। লাদাখ বেঞ্চের প্রথম দিনের শুনানিতে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের বিচারপতি সঞ্জয় পারিহার।
এক নজরে
কোথায়: লেহ, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ।
উচ্চতা: সমুদ্রপৃষ্ঠ থেকে ১১,৫০০ ফুটেরও বেশি।
শুনানি শুরু: ২১ অক্টোবর ২০২৬।
উদ্বোধন: ১৮ অক্টোবর ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের হাত ধরে।
মূল উদ্দেশ্য: লেহ, কার্গিল ও প্রত্যন্ত লাদাখের বাসিন্দাদের কাছে উচ্চ আদালতের বিচারপ্রক্রিয়া আরও সহজে পৌঁছে দেওয়া।
জানা গিয়েছে, প্রথম দিন এই বেঞ্চে একাধিক মামলার শুনানি হয়। এ দিনের শুনানিতে প্রধান বিচারপতি ভাটি ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন। বিচারপতি পারিহার যদিও লেহের বেঞ্চে সশরীরে উপস্থিত ছিলেন। ডিভিশন বেঞ্চের শুনানি শেষ হওয়ার পর বিচারপতি পারিহার সিঙ্গল বেঞ্চে বসে আরও একাধিক মামলার শুনানি করেন।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর, রবিবার লেহের মেলংথাংয়ে জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের নতুন এই বেঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। এ দিন থেকে লেহে-র বেঞ্চে শুরু হলো নিয়মিত শুনানি।
বিচারপতি পুষ্পেন্দ্র সিং ভাটি বলেন, ‘আমার দীর্ঘদিনের অভিমত, এখানে একটি বেঞ্চ থাকা অপরিহার্য। মামলা বা বিচারপ্রার্থীর সংখ্যা যা-ই হোক না কেন। তাছাড়া, এটি ভারত সরকারের মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার নীতির সঙ্গেও পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।’
উল্লেখ্য, আগে লেহ, কার্গিল এবং লাদাখের দূরবর্তী এলাকার মানুষকে উচ্চ আদালতের শুনানিতে অংশ নিতে শ্রীনগর অথবা জম্মুতে যেতে হতো। এতে যাতায়াতের খরচের পাশাপাশি অনেকটা সময় লাগত। নতুন বেঞ্চ চালু হওয়ায় স্থানীয় বাসিন্দা ও আইনজীবীদের সেই সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
FAQ
১. ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত হাইকোর্ট বেঞ্চ কোথায়?
কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেহ-তে জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের নতুন বেঞ্চটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১১,৫০০ ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত।
২. লেহে হাইকোর্ট বেঞ্চের নিয়মিত শুনানি কবে শুরু হয়েছে?
২১ অক্টোবর ২০২৬, বুধবার লাদাখ বেঞ্চে নিয়মিত শুনানি শুরু হয়।
৩. লাদাখে নতুন হাইকোর্ট বেঞ্চ চালু হওয়ায় কী সুবিধা হবে?
লেহ, কার্গিল ও প্রত্যন্ত এলাকার মামলাকারীদের উচ্চ আদালতের শুনানির জন্য শ্রীনগর বা জম্মুতে যাওয়ার প্রয়োজন কমবে। ফলে যাতায়াতের সময়, খরচ ও ভোগান্তি কমতে পারে।
৪. লাদাখ হাইকোর্ট বেঞ্চের উদ্বোধন কে করেছিলেন?
১৮ অক্টোবর ২০২৬ ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত লেহের মেলংথাংয়ে এই বেঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
