সম্পর্ক ভেঙে গেলে মনে হতে পারে, সবকিছু বুঝি শেষ। কিন্তু কখনো কখনো আলাদা হয়ে যাওয়ার পরই মানুষ বুঝতে পারেন, সম্পর্কটি তাঁর জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। প্রাক্তন সঙ্গী সব সময় সরাসরি ক্ষমা চেয়ে কিংবা ফিরে আসার কথা বলে নিজের অনুশোচনা প্রকাশ করেন না। কখনো তাঁর আচরণেই প্রকাশ পায়, আপনাকে হারানোর সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবছেন তিনি।
কিন্তু কীভাবে বুঝবেন, প্রাক্তন সঙ্গী সত্যিই আপনাকে হারিয়ে অনুতপ্ত? ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন পাঁচটি লক্ষণের কথা তুলে ধরা হয়েছে।
পুরোনো স্মৃতি মনে করিয়ে দেয়
একসঙ্গে কোথায় ঘুরতে যেতেন, কোন খাবার পছন্দ করতেন কিংবা কী নিয়ে দুজনে হাসতেন, সেসব পুরোনো কথা হঠাৎ তুলতে পারেন প্রাক্তন সঙ্গী। সম্পর্কের ছোট ছোট স্মৃতি মনে করিয়ে দেওয়ার অর্থ হতে পারে, তিনি এখনো সেই সময়ের কথা ভাবেন।
কথা বলার অজুহাত খোঁজেন
কখনো কাজের খোঁজ নিতে, কখনো আপনার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে মন্তব্য করতে কিংবা সাধারণ কোনো বিষয়ে কথা বলতে যোগাযোগ করতে পারেন তিনি। কথা শুরু হয় ছোট কোনো বিষয় দিয়ে, কিন্তু একসময় দীর্ঘ আলোচনায় গড়ায়। এমন ঘটনা বারবার ঘটলে বোঝা যেতে পারে, তিনি যোগাযোগ রাখতে চাইছেন।
আপনার জীবনে নতুন কেউ এসেছে কি না জানতে চান
আপনি নতুন সম্পর্কে জড়িয়েছেন কি না, তা জানার চেষ্টা করতে পারেন প্রাক্তন সঙ্গী। হয়তো সরাসরি প্রশ্ন করবেন, নয়তো অন্য কারও প্রসঙ্গ তুলে আপনার প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করবেন। বিচ্ছেদের পরও আপনার ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর আগ্রহ থাকলে সেটি লক্ষ করার মতো।
নিজের ভুল স্বীকার করেন
সম্পর্কের সময় কী ভুল করেছিলেন, তা নিয়ে প্রাক্তন সঙ্গী যদি খোলামেলা কথা বলতে শুরু করেন, তাহলে বুঝতে পারেন তিনি অতীত নিয়ে নতুন করে ভাবছেন। হয়তো স্বীকার করছেন, আপনাকে যথেষ্ট গুরুত্ব দেননি কিংবা কোনো পরিস্থিতিতে ভুল আচরণ করেছেন। তবে ক্ষমা চাইলেই যে তিনি আবার সম্পর্কে ফিরতে চান, এমন নয়।
ফিরে আসার কথা শুধু মুখে নয়, কাজেও দেখান
আপনাকে মিস করছেন, এমন কথা বলা সহজ। কিন্তু সম্পর্কটি আবার গড়ে তুলতে চাইলে প্রাক্তন সঙ্গীকে কাজেও তার প্রমাণ দিতে হবে। পুরোনো সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা, নিজের ভুল শুধরে নেওয়া এবং আপনার বিশ্বাস ফিরে পেতে নিয়মিত চেষ্টা করা এর মধ্যে পড়ে। শুধু আবেগের বশে বার্তা পাঠিয়ে আবার যোগাযোগ বন্ধ করে দেওয়া আন্তরিক চেষ্টার লক্ষণ নয়।
তবে মনে রাখবেন
কেউ আপনাকে মিস করছেন মানেই তিনি আবার সম্পর্কে ফিরতে চান, এমন নয়। পুরোনো সম্পর্ক নিয়ে অনুশোচনা থাকলেও নতুন করে সম্পর্ক গড়ার ইচ্ছা নাও থাকতে পারে। তাই একটি ফোনকল, বার্তা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ দেখেই সিদ্ধান্ত নেবেন না। বরং তাঁর আচরণে ধারাবাহিকতা আছে কি না, সেটি লক্ষ করুন। কথার চেয়ে নিয়মিত আচরণই তাঁর মনোভাব সম্পর্কে বেশি ধারণা দিতে পারে।
