নিজস্ব প্রতিবেদক:
রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজীর পক্ষ থেকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৯৪টি দুর্গাপূজা মণ্ডপে অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি এবং প্রতিটি ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম বলেন, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার গুরুত্ব অপরিসীম। দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন সব সময় সহযোগিতামূলক ভূমিকা পালন করে আসছে। তিনি পূজামণ্ডপের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা আমির মাওলানা মো. নায়েবুজ্জামান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার ভিত্তিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া সেলপ্রধান আশরাফুল আলম, গঙ্গাচড়া উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি কমলকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল রায়, সহসভাপতি শ্যামল রায় ও কোষাধ্যক্ষ সুধীর চন্দ্র বর্মন।
এ সময় সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
