চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধভাবে টিএসপি সার পরিবহন এবং ক্রয়ের রসিদ দেখাতে না পারায় মো. ইসমাইল নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৮ বস্তা টিএসপি সার জব্দ করা হয়, যার বাজারমূল্য ২৪ হাজার ৩০০ টাকা।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ। এ সময় প্রসিকিউশন প্রদান করেন উপজেলা কৃষি বিভাগের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. হাসান আতিকুর রহমান।
জানা যায়, অবৈধভাবে সার পরিবহন এবং ক্রয়ের রসিদ দেখাতে না পারায় মো. ইসমাইল, পিতা আব্দুল মান্নানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ১৮ বস্তা টিএসপি সার জব্দ করা হয়।
পরে জব্দ করা সার উপসহকারী কৃষি কর্মকর্তা গানিউল ইসলাম ও ইউপি সদস্য সিরাজুল ইসলামের জিম্মায় রাখা হয়। তাঁদের তত্ত্বাবধানে উপস্থিত কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সারগুলো বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ ২৪ হাজার ৩০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে সার পরিবহন ও ক্রয়-বিক্রয় প্রতিরোধ এবং কৃষকদের জন্য সারের ন্যায্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।
The post গোমস্তাপুরে অবৈধভাবে সার পরিবহন, ১০ হাজার টাকা জরিমানা appeared first on ভোরের চেতনা.
