ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার আমির হাতামি দাবি করেছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে ইরানি সেনাবাহিনী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পূর্ণ নজরদারিতে রয়েছে। সেখানে নৌযান চলাচল ‘অত্যন্ত সীমিত’ হয়ে পড়েছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা ‘মেহর নিউজ এজেন্সির’ বরাতে আলজাজিরা এই তথ্য জানিয়েছে।
আমির হাতামি বলেন, যতক্ষণ না শত্রুভাবাপন্ন শক্তিগুলো ইরানি জনগণের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করছে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। আজ পর্যন্ত শত্রুপক্ষের একটি জাহাজও ওমান সাগরে প্রবেশের সাহস দেখায়নি। কেবল তিনটি জাহাজ এসেছিল, যেগুলোর ওপর আমাদের বাহিনী সরাসরি গুলিবর্ষণ করেছে। আমরা অত্যন্ত নির্ণায়ক পদক্ষেপ নিয়েছি। আজ তারা ভালোভাবেই জানে যে সেখানে নৌ চলাচল অত্যন্ত, অত্যন্ত সীমিত।
অন্যদিকে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে ভিন্ন দাবি করেছে। সেন্টকম জানায়, আইআরজিসির অহেতুক আগ্রাসন সত্ত্বেও বাণিজ্যিক জাহাজগুলো প্রণালি দিয়ে যাতায়াত বজায় রেখেছে। যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্র অংশীদাররা কৌশলগত এই জলপথের নিয়ন্ত্রণ বজায় রেখে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে চলাচলে সহায়তা নিশ্চিত করছে।
