আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় অঙ্গীকারের অংশ হিসেবে এসব সেনা পাঠানো হচ্ছে, বলেছে আইএসপিআর।
Published : 15 Oct 2026, 09:55 PM
Updated : 15 Oct 2026, 09:55 PM
হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘গ্যাং সাপ্রেশন ফোর্সে’ (জিএসএফ) অংশগ্রহণের লক্ষ্যে দেশ ছেড়েছেন সেনাবাহিনীর ৫০ সদস্য।
বৃহস্পতিবার তারা ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
রওনা হওয়ার আগে এদিন সকালে সেনাসদরে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
তিনি মিশন এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আইএসপিআর বলেছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় দেশের অব্যাহত অবদান ও বিশ্বশান্তির প্রতি দৃঢ় অঙ্গীকারের ‘আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে এসব সেনা পাঠানো হচ্ছে।
